উত্তরদিনাজপুর

রায়গঞ্জ সংশোধনাগারে আত্মঘাতী মেয়েকে ধর্ষণ করার অভিযোগে সাজা প্রাপ্ত বাবা

নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার অভিযুক্ত বাবা আত্মঘাতী হল রায়গঞ্জ সংশোধনাগারে। পুলিশ সূত্রে খবর, জেলের ২ নম্বর সেল থেকে উদ্ধার হয় ফরিদ শেখ নামে ওই বিচারাধীন বন্দীর ঝুলন্ত মৃত দেহ।

            জানা গেছে, গত ২৯ জুলাই মেয়েকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার হয়েছিল ফরিদ। আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন। এর ঠিক তিনদিনের মধ্যে বিচারাধীন ওই বন্দীর জেলের ভেতরে ফাঁসি দিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে।

            উল্লেখ্য, ২৮ জুলাই রায়গঞ্জ থানার মাড়াইকুঁড়া গ্রাম পঞ্চায়েতের নরম কলোনীর বাসিন্দা ফরিদ শেখের বিরুদ্ধে রায়গঞ্জ মহিলা থানায় মেয়েকে জোর করে ধর্ষণ করার অভিযোগ দায়ের করে তার স্ত্রী সাহেরা খাতুন। অভিযোগ, নিজের মেয়েকে ধর্ষণ করায় বাধা দিতে গিয়ে স্বামীর হাতে একাধিকবার প্রহৃত হতে হয় স্ত্রী সাহেরাকে।এরপরেই সাহেরা খাতুন রায়গঞ্জ মহিলা থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। মঙ্গলবার সকালে জেলের ভেতরে দুই নম্বর সেলে ফরিদের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহ রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।